অসুন্দরের গল্প

আজ প্রায় চার বছর হয়ে গেল দাড়িয়ে এখানে, ধুলোর আবরণটা দেখে বুঝতেই পারছ, কারও হাত আসে না এই গলিতে। আগ্রহ নেই কারও আমার প্রতি। তারা এ গলিটার একটা নামও দিয়েছে, বাতিল মালামাল। নামটার অর্থ আজো জানা হয়নি আমার, মন্দ কিছু হবে বলেই আমার ধারণা। মন্দ হোক আর ভাল এটা সত্যি যে তারা কেউই আমাকে পছন্দ করে না। আমি অপছন্দের পাত্র সেই জন্মের পর থেকেই। কোন এক বুড়োর হাতে আমার আবিষ্কার। গড়ার পরে তার কাছেও ভাল টেকেনি আমার রূপ। আমি ছিলাম ঐ বুড়োর শখের পুতুল, যা তার মন ভুলাতে পারেনি। তাই ছোড়ে ফেল দিল ময়লার ঘরে। সেখানে আমি একজন মা পেলাম, আমার মা। আমাকে দেখে নাকি আমার মাও ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু যখন সে আন্দাজ করতে পারল, আমি ক্ষতিকর না শুধু দেখতেই কদাকার। তখন আমাকে তার বুকে টেনে নিল। কোন খেলার সাথী ছিল না আমার, সবাই আমার কুলুপ রূপটাকে ঘৃণা করত। আর নবজাতকেরা আমাকে দেখলে ভয় পেত। পুতুল গড়ার ঐ কারখানায় কেউ দুষ্টুমি করলে, আমার নাম বলে ভয় দেখাত তাদের মা বাবা। বাচ্চারা ও আমাকে দেখলে অতি মাত্রায় আতঙ্কে থাকত। আমার মাকেই পেয়েছি আমার সাথে, সুখে দুখে সব সময়। বিভীষিকার এই জীবন যখন পীড়িত করতে লাগল। তখনই ছাড়তে হয় আমার মায়ের কোল।

এই দোকানি গিয়েছিল আমাদের কারখানায়। সস্তা দরে কিছু পুতুল কেনার জন্য। আর এভাবেই অভিষেক ঘটে নতুন এই জীবনের। নিয়ে আসে অনেকের সাথে আমাকেও। ভেবেছিলাম এই যাত্রা হবে মঙ্গলের তরে, কয় এমন কিছুরই আবেশ ঘটেনি। এর আগে দুবছর আমি ঐ সামনের আলমারিটাতে ছিলাম। প্রথম যেদিন আমাকে আনল এই দোকানে, অপরিচিত সবাইকে দেখে আমি ভয় পেয়েছিলাম বটে। তাছাড়া আমাকে দেখেও ভয়ে কেঁদেছে আমার সাথের অনেকেই। কোন কোন জনের তো রাতে ঘুমও হয়নি আমার ভয়ে। তাদের ভীতি দেখে আমার ও খারাপ লাগত। দোকানে কোন গ্রাহক আসলেই প্রথম পলকটা ফেলত ঐ আলমারীতে। সেখানে আমার স্থান ছিল পুবের কোনায়। আমার আর সব সাথীদেরকে দেখে বাচ্চারা খুব খুশি হত ও আগ্রহ দেখাত সাথে করে নিবার জন্য। যখনই আমার সামনে আসত ভয়ে ছুটে যেত মায়ের কাছে। আমার গঠনটাই কুৎসিত ছিল কি না তাই। সবাই আমাকে ঘৃণা করে, যে আমাকে কারখানা থেকে নিয়ে আসল, সে তো আর বেশি। আর সবাইকে তাড়াতে পারলেও আমাকে পারছে না তাই। এখানে এভাবে বসে থাকা আমার কাছেও ভাল লাগেনা। আমার মা বলেছিল, কোন একজন খরিদ্দার এসে আমাকে কিনে নিয়ে যাবে, তার সন্তানের জন্য। আমায় দেখে তার সন্তান আনন্দে আত্মহারা হয়ে যাবে। শুধু তাই না, আমাকে খুব আদর ও করবে আমার প্রভু। সাথে করে রাখবে দিনভর, রাতেও আমাকে জড়িয়ে ঘুমাবে। আমার সঙ্গে খেলবে, নাচবে গাইবে আরও কত কি।

আর সব গল্পের মত এটাও মনে হয় আমার মায়ের গল্পই ছিল, আমার একাকিত্ব মুছে মুখে হাসি ফুটানোর জন্য। কুৎসিত যে তা আমার সামনে প্রকাশ পেল সেদিন, একদিন এক ক্রেতা এসেছিল আমার দিকে। তার হাতে একটা আয়না ছিল, হঠাৎ তাতে কোন একজনকে দেখে ভয়ে আমি আতঙ্কিত। কুচ কুঁচে কাল তার রঙ, বিশ্রী মুখের আকার। ভয়ানক চোখের দৃষ্টিভঙ্গি, মাথায় টাক আর ফাটা একটা গিলাফে মোড়ানো শরীর, তাকে কাপড় বলা যায় না। মুহূর্তের জন্য মনে হল এ আমি কাকে দেখলাম। পরের ঘড়িতে আচ করতে পারি, এ নিশ্চয় আমি, তাই তো সবাই আমাকে ঘৃণা করে। দোকানে যখনই কোন গ্রাহক আসত আমি ভাবতাম এই বুঝি তুলল আমার পানে তার তর্জনি। মুক্তি দেবে আমাকে এই অভিশাপ থেকে, পরিনাম যা আমি নিজেও শুনিনি। আঙ্গুল টা আমার দিকে আসার আগেই ফিরিয়ে নিত সবাই। নাহ, কোন অলৌকিকতা ঘটেনি আমার বেলায়। ঘটবেই বা কেন? আমি তো আর রাতের আকাশের চাঁদ না, না আমি গুধুলি বেলার তারার ফুলকি। আমি শুধু কদাকার, কুৎসিত, বিশ্রী, কুলুপ, ভয় আর ভয়। তাই আমার কপালে এমনটাই অবধারিত ।