হাতের আলিঙ্গন

হিমেল হাওয়া বয়ছে ধরায়, তারায় ভরা রাত,
আলিঙ্গনে মগ্ন তখন, মোদের নগ্ন হাত।
চাঁদের নাচন দেখছি মোরা, নদীর কূলে বসে,
জলের তলে চাঁদটা দেখ, যাচ্ছে কেমন ভেসে।
পাশের ঐ কাশ বনেতে, টুটল বুঝি তারা,
মিট মিটিয়ে উড়ছে দেখ, আলো বাঁধন হারা।
ঝিঁঝিঁ পোকা গান ধরেছে, আলোর খেলার সাথে,
কুনো ব্যাঙটা ও বাধ পরেনি, সুর মিলাচ্ছে তাতে।

রাত্রি তার রাজ্য গড়ে, আমায় করল রাজা,
পা ভিজিয়ে নদীর জলে, লুটছি তার মজা।
আরও কাছে আসলে তুমি, গাঁ ঘেঁষিয়ে গাঁয়ে,
অবাক হয়ে দেখছি আমি, তোমার দিকে চেয়ে।
চাঁদের ঝড়া পরশা যেন নিচ্ছ তুমি লুটে,
জোছনা তোমার মুখ পানে আর রক্ত জবার ঠোঁটে।
জলের মাঝের কলমি লতা যেন তোমার কেশ,
হাওয়ার দুলায় মুখের উপর, দেখতে লাগছে বেশ।
কি আছে ঐ দু চোখ মাঝে, কেন এত মায়া?
হরণ করে মন থেকে, এই আমি নামের ছায়া।
চোখে তোমার চোখ পড়লে বাঁচা আমার দাই,
মন না হয় উড়িয়ে নিলে, দেহের কোথায় ঠাঁই?
মন কখনো তোমার সাথে, সিন্ধু পারি দেয়,
কখনো বা হিমালয়ে ঘর বাধিয়ে নেয়।
মাঝে মাঝে বসত গড়ে, সাগর কোলের দ্বীপে,
পানসি হয়ে হারায় মাঝে, তোমার মনের কূপে।
লতা হয়ে জড়িয়ে রয়, তোমার বৃক্ষ আমি,
আমি যখন ঝিনুক হয়, মুক্তা রূপে তুমি।
কল্পনাতে মগ্ন মোরা, হাজার স্বপ্ন মনে,
এভাবেই রাত কেটে যায়,  হাতের আলিঙ্গনে।