সকাল

সূর্যের তো ঘুম ভাঙ্গে রোজ
আমার ডাক শুনে,
তাই তো সে কিরণ বিলায়
তোমার আকাশ পানে।
ক্লান্ত হয়ে রাতের বেলা
ঘুমিয়ে পরে রোজই,
ভোর বেলা ঐ আকাশ মাঝে
তাকে আমি খুঁজি।

ইস!!
এখনও সে ঘুমিয়ে আছে
উঠতে ভুলে গেল,
এদিকে তো সৃষ্টি কোলে
সব এলোমেলো।
পাখিরা ও গাইছে না গান
তার অপেক্ষাতে,
মুরগটা ও দেখছি আবার
লাগল যে ঘুমাতে।
পিপিলিকার কর্মঠ দল
সবাই এখন বসে,
বসে বসে প্রহর গুনছে
সূর্য কখন আসে?
জল হয়ে-ই পরে আছে
শিশির বিন্দু কণা,
মাটির মতই লাগছে তাকে
কাল ছিল যা সোনা।
আকাশ কোলে শূন্যতা
সূর্য কোথায় গেল?
মেঘের মুখ কালো করে
খুঁজছে এখন আলো।
মেঘ আমাকে ডেকে বলল
ও ভাই ক্ষমা চাই,
কাল আমার ভুল হয়েছে
যা করেছি বড়াই।
অবুঝ, আমার ভুল হয়েছে
আমি তো নই বড়,
সূর্য ছাড়া সবই লাগে
মৃত আর জড়।
কাল বিকেলে মেঘের সাথে
রটল তার ধন্দ,
মেঘ তাকে হীন করে
বলেছে, ভাল মন্দ।
এসব কথা সূর্য তার
মনে রাখে না,
কি হল তার, আজ সে
এখনও উঠে না?

গলা ছেড়ে মামা বলে
যাচ্ছি আমি ডেকে.
উঠ মামা তাড়া তাড়ি
ভোর শেষের দিকে।
উল্টাপাল্টা মনে হচ্ছে
ধরার মাঝে সবই,
জলদি করে আস মামা
রাত কাটাতে হবি।

কিরণ ডানা মেলে সে
সিংহাসনে চড়ে,
রক্তিম এক আলো হয়ে
উঠল আকাশ পারে।
তার প্রভাতে ছড়িয়ে গেল
যেন যাদুর খেলা,
প্রভাত কালে প্রকৃতি তার
বসিয়ে দিল মেলা।
আকাশ পানে ভাসছে এখন
মেঘের ছেড়া তোলো,
রঙ্গ লাগিয়ে ডানার মাঝে
উড়ছে ফড়িং গুলো।

হাসি মুখে সূর্য যেন
সব যাচ্ছে দেখে,
এই ধরাতে কত শান্তি
তার আলো মেখে।
সূর্য একটু বিরাম নিয়ে
তাকিয়ে আমার দিকে,
বলল আমায়, রোজ সকালে
উঠি তোমার ডাকে।