আমার ঠিকানা

সুখ নিড়েতে থাকি আমি
রুম নং একশ বার,
যদি কখনো ইচ্ছে হয়
এই ঠিকানায় আসতে পার।

ভাবনা গলির শেষ মাথাতে
বাঁ দিকে এক মোড়,
বাঁ দিকের এই রাস্তা ধরে
সামনেই স্বপ্নপুর।

স্বপ্নপুরের এ পথ ধরে
হাটলে কিছু দূর,
শুনতে পাবে মন মাতানো
আবেগের এক সুর।

হারিয়ে যাবে তোমার তুমি
মধুর সুরের বানে,
নিবে পিছু আপন থেকেই
ছুটবে সুরের টানে।

সুর যেখানে শেষ হবে
এটাই মমতা কুঠির,
উল্টো পাশেই আছে তার
আমাদের “ সুখ নিড় ”।