আমরা চার ভাই, সবাই এক দু বছরের ছোট বড়। এক সমানই বলা চলে।তাই সবাই একসাথে খেলতাম , দুষ্টুমি করতাম, আরও কত কি...। প্রায় সময় মনে হত আমাদের যদি একটা বোন থাকত, কত ভাল হত। আমরা সারাদিন তাকে কোলে করে রাখতাম। তার সাথে খেলতাম, তাকে গান শোনাতাম, কবিতা শোনাতাম, গল্প শোনাতাম। রূপকথার গল্প। রাজকন্যা, রাজকুমারের গল্প। এই শখ গুলো সব এমনিতে পরে আছে, বোন পাব কোথায়। একদিন মা বলল সে আমাদের একটা বোন এনে দিবে। একটা ছোট্ট বোন, ভাইয়া ভাইয়া বলে ডাকবে আমাদের। আমাদের সাথে কথা বলবে, খেলবে, অনেক কিছু করবে। শোনে সবাই খুব খুশী। এর কিছুদিন পর মা অসুস্থ্য হয়ে পরল, অনেক দিন ধরে অসুস্থ্য ছিল। একদিন মা খুব অসুস্থ্য হয়ে গিয়েছিল তখন আমার বড় কাকি, ডাক্তার আরও কয়েক জন আমাদের বাড়িতে আসল। তারা মা এর ঘরের দরজাটা বন্ধ করে দিল। অনেকক্ষণ পর আমরা একটা বাচ্চার কান্না শোনতে পেলাম। আমাদের ঘরে বাচ্চা আসল কোথায় থেকে ! মা কি তাহলে আমাদের জন্য একটা বোন নিযে আসছে ? আমাদের ছোট্ট বোন। কিন্তু মা তো ঘরে শুয়ে, অসুস্থ্য তিনি। বাচ্চার কান্নাটা মায়ের ঘর থেকে শোনা যাচ্ছে। বাসায় তখন আমি আর আমার ছোট ভাই। আমি আর সে দৌড় দিলাম মায়ের ঘরের দিকে। হে, ঐ তো একটা বাচ্চা আমার কাকির কোলে। কি মজা, কি মজা, মা আমাদের জন্য বোন নিয়ে আসছে। কাকির কাছ থেকে আমার কোলে নিলাম। কাকি দিতে চাই না, অনেক কেঁদে-কেটে নিলাম। আমার ছোট বোন আমার কোলে আসবে না মানে। কোলে নিয়ে দেখি, ওমা কত্ত সুন্দর আমাদের বোন। সাদা ফুট ফুটে সে। অনেক অনেক অনেক সুন্দর, আর সবার থেকে সুন্দর আমার বোন। কিন্তু সে তো দেখছি আমাকে ভাইয়া বলে ডাকে না। মাকে বললাম, মা আমার বোন আমাকে ভাইয়া ডাকবে না। তখন কাকি বলল, সে তোমার বোন না। সে তোমার ছোট ভাইয়া। আরে কি বলে কাকি ! মা তো বলেছিল বোন এনে দিবে, এ নাকি ভাইয়া। কাপড়টা একটু টেনে দেখলাম, না সত্যিই তো ভাইয়া।
বোন হোক আর ভাইয়া, সে দেখতে খুব সুন্দর। তাই আজ থেকে সে আমার কাছে থাকবে। আমার ছোট্ট ভাইয়া। বাসায় ফিরেই বড় ভাইরা টানা টানি শুরু করল কে কোলে নিবে। বড়-দা তাকে কোলে নিয়ে নিল। আমি মাটিতে পরে কান্না শুরু করলাম। অনেক হাও মাও করতেছি। তাই মা বড়-দাকে বলল আমার কোলে দিতে। চোখ থেকে পানি ঝরছে, কিন্তু কোলে নিয়েই তাকে মুখে হাঁসি। আমার খেলাধুলা, পড়াশোনা সব কিছুতে সময় সিমীত করলাম। ছোট ভাইটাকে সময় দিতে হবে তাই। সারা দিন তার সাথে খেলতাম, কথা বলতাম। সে ও আমাকে দেখে আনন্দ পেত। অন্যদের থেকে আমাকেই অনেক পছন্দ করত। মজার ব্যাপার হচ্ছে, সে খুব ভাল বাবু। অন্য সব বাবুদের মত কান্না করে না। একদমই কান্না করে না। তার মধ্যে আমি আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম। তার দুটু চোখ, মায়াবি তার চোখ। সব সময় পানিতে টলমল করে তার চোখ। তার চোখের দিকে তাকালেই যেন হারিয়ে যায় আমি। শুধু আমি না সবাই ব্যাপারটা দেখল।
ভালই যাচ্ছে তার সাথে আমাদের দিনকাল। ধীরে ধীরে সে বড় হচ্ছে, দাঁত উঠেছে, হাটতে শিখেছে, একটু আধটুকু কথা ও বলতে শিখেছে। তখন মা তাকে মেয়েদের কপড় পড়াত, তাকে দেখতেও খুব সুন্দর লাগত। একদিন আমাকে সে ভাইয়া বলে ডাকল। খুশীতে আমি আত্মহারা। আমার ভাই আমাকে ভাইয়া বলে ডেকেছে। সারাদিন সে আমার সাথে থাকে, না না আমিই সারাদিন তার সাথে থাকি। একসাথে খেলি, দুষ্টুমী করি গল্প করি, তাকে ছড়া শোনায়।
মায়ের চাচাত বোনের খুব অসুখ। সে ঢাকাতে আছে। মা আমাদের বুঝিয়ে বলল, বাবা আমি আজ যায় তোমার খালাকে দেখতে, দুদিন পরে এসে পরব। সবাই যেতে বলল, কিন্তু আমি নারাজ। মা যে সাথে করে তাকেও নিয়ে যাবে।আমার খেলার সাথী, আমার ছোট ভাইটাকে। মা বলল তানিন, আব্বু আমি এসে পরব, তোমাকেও সাথে নিতাম, কিন্তু তোমার যে পরীক্ষা। না চেয়েও বিধায় দিলাম। সকালে তারা বাহির হয়েছে, এখন মাত্র দুপুর। মনে হয় কয়েক বছর হয়ে গেছে, আমার যে সময় কাটছেই না তাকে ছাড়া। পরীক্ষা দিয়ে বাসায় এসে আর ভাল লাগতেছে না। দুপুরে খাবার খেলাম তাকে ছাড়া, পেট ভরলেও মনটা ভরেনি। তার বিছানার পাশে বসে বসে তার খেলনা গুলোর সাথে খেলতেছি। পাশের ঘরে কান্না কাটি শোনতে পাচ্ছি। আবার কার কি হল, সবাই তো ভাল ছিল। আমি গেলাম পাশের ঘরে। আমার ফুফু এসেছে আমাদের বাড়িতে। আমি যেতেই সে আমাকে ধরে কান্নায় ভেঙ্গে পরল। ফুফু কাঁদছে কেন? কালই তো আসল সে। আমাকে ও কিছু বলছে না। শুধু কেদেই যাচ্ছে। ফুফুর সাথে সাথে আর সবাই ও কাদছে। বড় কাকিও আসল আমাদের বাসায়, এসে সেও কান্না শুরু। কেউ কি আমাকে কিছু বলবে, কেন কাঁদছে তারা? ছোট-দা বড়-দা ও ছুটে আসল বাড়িতে, তাদের সাথে সাথে তারাও কান্নায় লেগে গেল। তাদের দেখা দেখি কাদছে আমার ছোট ভাইটা ও। কি বুঝে কাঁদছে সেই ভাল জানে। ফুফু আর কাকি মিলে আমাদের চার ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে। আমার বুঝাই হল না কেন কাঁদছে তারা, কিন্তু তাদের কান্না দেখে আমিও কাঁদতে লাগলাম। ফুফু ড্রাইবারকে বলল গাড়ি বের করতে। ফুফু আমাদের নিয়ে গাড়িতে চড়ল। সাথে আসছে বড় কাকিও। গাড়িতে উঠে বুঝতে পারলাম মা এর কিছু হয়েছে। কি হয়েছে আমার মা এর? সে তো সুস্থ্য হয়ে গিয়েছে। এখন আমিও কাঁদছি মায়ের কিছু হয়েছে জেনে। একটু পরেই ফুফুকে মোবাইলে বলতে শোনলাম আমার মা আর এই পৃথিবীতে নেই। সে আমাদের ফাকি দিয়ে চলে গেছে, মৃত্যুলোকে। কুমিল্লাম চান্দিনা নামের থানায় দূর্ঘটনায় আক্রান্ত হয তাদের বহনকারী গাড়ি। এতে মা, ছোট খালা ড্রাইবার সহ মারা গেছে সবাই। কথা গুলো শোনে সব হারিয়ে গেল আমার। চেতনা, ভাবনা সব। তারপর ফুফুকে জিঙ্গাস করলাম আমার মা কি মরে গেছে? ফুফু বলল, না বাবা তোমার মায়ের কিছু হয়নি। সে ভালই আছে। শোনে মনে একটু সস্থি আসল।
কিছুক্ষণ পর আমাদের এই কান্নার যান পৌছাল চান্দিনাতে। থানা সামনেই পরে আছে একটা গাড়ি, ভেঙ্গে চুড়ে আর কিছুই নেই। ফুফুর সাথে নেমে গেলাম আমরা। মাটিতে সাদা কাপড়ে ঢাকা কি যেন পরে আছে। ঐ পুলিশ লোকটা আমাদের ঐখানে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো এখানে এসেছি মাকে নেয়ার জন্য। ঐ পুলিশটা সাদা কাপড় গুলো টেনে তুলল সবকটা উচু জায়গা থেকে। ও মাগো নিচে কি বিশ্রি মরা দেহ। এই মরা দেহ গুলো দেখে ফুফু কান্না শুরু করল। সে আবার কাঁদছে কেন? আর আমার মা কোথায়? তাহলে ঐ দেহ গুলার মাঝে কি কেউ আমার মা। সবাই কান্নার বৃষ্টিতে ভেজা। না এ আমার মা-ই। মাকে এমন অবস্থায় দেখে, মাথা ঘুরাচ্ছে। কি করব বুঝতে পারছি না। কেদেই দিলাম সবার মত। সব হারিয়ে গেল আমার। কিছুই বাকি রইল না। হঠাৎ একজন পুলিশ নিয়ে আসল আমার ছোট্ট ভাইটাকে, সে মরেনি, বেঁচে আছে। সেও কাঁদছে। লোকটা বলল তাকে গাড়ির সিটের নিচে পেযেছে। আমি দৌড়ে তাকে আমার কোলে নিলাম। না সব হারায়নি আমার, অনেক কিছুই বাকি আছে। অকেনটা সময় নিয়ে ফুফু ঐ লাশ গুলো অন্য এক গাড়িতে করে নিয়ে আসছে বাড়িতে।
বাড়িতে এসে আবার কান্না ধুম। আমি আমার ছোট ভাইকে অভয় দিচ্ছি কিছু হয়নি। আর আমার চোখ থেকে পানি ঝরছে। রাতে মাকে শুয়িয়ে দিয়া হল মাটির কোলে। আমাদের থেকে চির বিধায় নিয়ে সে এখন মাটির ঘরের বাসিন্দা। আমার বাবা এখনও দেশের বাহিরে। তাকে কেউ জানাইনি মায়ের কথা। পরের দিনই আমরা ছোট তিন জনকে পাঠিয়ে দিল নানা বাড়ি। সেখানেও বাতাসে কান্নার সুর। আমাদের জড়িয়ে কাঁদছে সবাই। ঐখানে গিয়েই ছোট ভাইটার জ্বর আসল। থার্মোমিটারে মাত্রা ১০৬, সে বাঁচবে কেউ ভাবেনি। মা হারানো ব্যাথার চেয়ে তাকে হারানোর ভয় আরও বেশি কাঁদাল। আমার মামারা তাকে নিয়ে কুমিল্লা ডাক্তারের কাছে গিয়েছে। আমিও সাথে গেলাম মামা ডাক্তার দেখাল, ঔষধ নিল। দুদিন পর সে সুস্থ্য হল। আবার ফিরে আসলাম নানা বাড়ি। আমাদেরকে ভর্তি করে দিল ঐখানের স্কুলে আর বড় ভাইরা আছে বাড়িতেই। আমার কলিজার টুকরু সারাদিন আমার সাথে থাকত, আমার সাথে সে স্কুলেও যেত। আমার ক্লাসের মেয়েরা তাকে খুব আদর করত। আবার বাড়ি ফিরে, আমার সাথেই ছুটত খেলতে। রাতে আমার সাথেই ঘুমাত। ঘুমিয়ে গেলে নানু তাকে তার কাছে নিয়ে যেত। রাতে ঘুম ভেঙ্গে যখন সে আমাকে পেত না কাঁদতে শুরু করত। একদিন আমি পুকুর ঘাটে বসা। সে গাছের একটা শুকনো ডাল নিয়ে উঠোনে খেলছে। খেলতে খেলতে তার লাঠির আঘাতে অহত হল একটা মুরুগের বাচ্চা। বাচ্চাটা নিয়ে সে ছুটে আসল আমার কাছে। কান্না মাখা মুখে আমাকে বাচ্চাটা দেখিয়ে বলছে, "তানিন বাচ্চা নক্ত" । দেখেই বুঝা যাচ্ছে, সে ইচ্ছা করে মারেনি বাচ্চাটাকে। তার মায়া ভরা মুখটা দেখে বুঝে গেছি। সত্যিই আমাদের মাঝে অন্যতম সে। বাচ্চাটাকে একটু সেবা দিয়ে জড়িয়ে ধরলাম তাকে। তখন তার বয়স ২ বছর, সে আমাকে আমার নাম ধরে ডাকত, এখনও ডাকে।
দু মাস পর বাবা দেশে ফিরল। আমাদের নিয়ে সেও কাঁদতে লাগল।তারপরের দিন গুলো অনেক কষ্টেই কাটিয়েছি আমরা সবাই। বাবা রান্না করত, ঘর গুছাত, সব করত বাবা। বাবার কষ্ট আর আমাদের বড় হবার বিষয়টা নাড়া দিল ফুফুর। সে বাবাকে বলল আরেকটা বিয়ে করতে। বাবা রাজি ছিলেন না, কিন্তু আমাদের ভবিষ্যৎ নিয়ে ভেবে আবার জড়াল বিয়েতে। আমাদের জন্য আরেকটা মা নিয়ে এল। ঐ মা টা ও লক্ষী মা। আমাদের খুব আদর করত।
দিন কাটার সাথে সাথে আমাদের ছোট ভাইটাও বড় হতে লাগল, আমাদের মত। কিন্তু এখনও সে আমার ছায়া হয়ে থাকে আমার পাশে । আমি ললন গীতি আর মুরশিদী গান খুব পছন্দ করতাম, এর অর্থ বুঝতাম তাই। প্রতিদিন বিদুৎ গেলে আমি আর সে মিলে গলা ছেড়ে গান গাইতাম। আমার পায়ে চড়ে বলত, ভাই হাটি হাটি পা পা। আমি তাকে নিয়ে হাটতাম, সে আমার পায়ের উপর দাড়িয়ে থাকত। আমার সাথে থাকার ফলে সে হল আমার অনুলিপি। যা আমি পচন্দ করতাম তা সেও। এখনও তা-ই।
একদিন একটা পাখি দেখে সে বলল, ভাইয়া পাখিটা দেখতে কত সুন্দর না। আমিও দেখলাম, পাখিটা সত্যিই সুন্দর। আমি ভাবলাম পাখিটা ধরতে তার বুঝি ইচ্ছে হচ্ছে ।পরে সে স্কুলে চলে যাওয়া পর আমি অনেক কষ্ট করে পাখিটা ধরলাম। স্কুল থেকে ফিরতেই তাকে পাখিটা দিলাম। পাখিটা পেয়ে সে অনেক খুশী হল। আমি তাকে বললাম এটা তোর, নিয়ে যা। সে বলল তাহলে ভাইয়া পাখিটার পায়ের বধনটা খুলে দাও। আমি বললাম কেন, সে বলল তুমি না বলে ছিলে বন্যেরা বনে সুন্দর। আমি সত্যিই খুব ভাগ্যবান, এমন একজন উদার মনের মানুষ আমার ছোট ভাই হিসেবে পেয়ে। সে শুধু আমার ছাত্রই না, আমার ভাল বন্ধুও বটে। আর সবার চেয়ে সে আলাদা। তাই মিশতে পারে না সবার সাথে। আমি জানি, আমাকে ছাড়া সে খুবই একা। অন্য গুণের মাঝে তার আরেকটা গুণও আছে। সে খুবই প্রযুক্তি মনসক। নিজে নিজের খেলনা বানিয়ে খেলত। এখনও তার ভিন্ন নই। উড়ন্ত হেলিকপ্টার, গাড়ি এছাড়াও নানন কিছুর আবিষ্কারক সে। সাথে আমিও ছিলাম। তার বয়স এখন ১১ বছর। সে অনেক বড় হতে চাই, প্রকৃত মানুষ হতে চাই, মানবতার মিশ্রণে।
এখন সে অনেক বড় হয়ে গেছে। কিন্তু এখনও সে তানিন এর জন্য বসে থাকে। তাকে ছেড়ে দুরে থাকতে আমার খুব কষ্ট হয়। তারপরও বাড়ি গেলে আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পরে। আমার সাথে সুর মিলিয়ে গান করে। আর আমার পায়ে চড়ে এখনও বলে ভাই হাটি হাটি পা পা। সে আমার ছোট ভাই ইথেন।